কেমন যাবে ২০২৫ ? সম্পূর্ণ বাৎসরিক রাশিফল পড়ুন


কেমন যাবে ২০২৫ সাল ? আগাম ভবিষ্যৎবাণী জেনে নিন । বারো রাশির রাশিফল পড়ুন । 



মেষঃ রবির গুনে পূর্ণ মেষরাশি রজোগুনাশ্রয়ী । মেষ রাশির অধিপতি মঙ্গলের এটি আনন্দ নিকেতন ও সূর্যের উচ্চস্থান । বছরের প্রারম্ভে মঙ্গল বক্রী অবস্থায় নীচস্থানে অবস্থান করছে । দশম ও একাদশপতি শনির ২৯ মার্চ মীনরাশিতে অবস্থানের কাল থেকে মেষরাশির সাড়েসাতি শুরু হবে। শুভাশুভ মিশিয়ে কাটবে বর্তমান বছরটি। স্ত্রী/স্বামীর স্বাস্থ্য সমস্যা হতে পারে, নিজ শরীর-স্বাস্থ্য বিষয়ে সারা বছর সাবধানে থাকতে হবে বিশেষ করে মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত। মাথা ও স্নায়ুর সমস্যা, পেট, হৃদরোগ প্রভৃতি বা পুরনো রোগের বৃদ্ধিতে শারীরিক ভোগান্তির যোগ আছে। দেহে আঘাত ও রক্তপাতও অসম্ভব নয়। বিশেষ কোনও কর্মে অনায়াসে সাফল্য এলেও সারাটা বছর কর্মকেন্দ্রিক উদ্বেগ ও বাধা থাকবে। অংশীদারি ব্যবসায় বিবাদের আশঙ্কা। এপ্রিল পর্যন্ত বহুসূত্রে অর্থাগম ও আর্থিক উন্নতি। পরবর্তী সময়ে বাধার মধ্যে অর্থপ্রাপ্তি হবে। নামী সংস্থায় নতুন কর্মলাভও অসম্ভব নয়। জমি-গৃহাদি সম্পত্তি বা যানবাহন ক্রয়ের সুযোগ আসতে পারে। আইএএস, আইপিএস, পুলিস সহ প্রতিরক্ষাকর্মীদের কর্ম ও আর্থিক উন্নতির যোগ প্রবল। রাজনীতিকদের কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি। শিল্পী, কবি, লেখক, রসায়নবিদ, ডাক্তার, উকিলদের পক্ষে কর্মোন্নতির। বছর। বিদ্যায় উন্নতি ও উচ্চতর বিদ্যার্জন, বিজ্ঞান বিষয়ক গবেষণায় উল্লেখযোগ্য উন্নতির যোগ। দাম্পত্য ক্ষেত্রটি কমবেশি শুভ। সন্তান বিষয়ে সমস্যার ওঠাপড়ায় বিব্রত হতে পারেন। আত্মীয় বা বন্ধুভাগ্য খুব একটা শুভ নয়-তারা বিরুদ্ধ মনোভাব পোষণ করতে পারে। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে মাঝেমধ্যে প্রীতির অভাব হলেও বিচ্ছেদ যোগ নেই। গাড়ি, টায়ার, চা, কম্পিউটার, মোবাইল ফোনের ব্যবসা ভালো হবে। কোনও ঝামেলা ঝঞ্ঝাটে ফেঁসে গিয়ে আইনি সমস্যায় পড়তে পারেন। বিপরীত লিঙ্গের জন্যও বিপদগ্রস্ত হতে পারেন। মানসিক অস্থিরতা উত্তেজনা ও হতাশা কম বেশি থাকবে। শনির সাড়েসাতির জন্য সব কর্মেই বাধার মধ্যে অগ্রগতি হবে।

শুভ রং: হালকা উজ্জ্বল রক্তবর্ণ ও হলুদ। শুভ স্তোত্র: শিব মহিন্ন স্তোত্রম। শুভ বার: সোম, বুধ, শুক্র ও শনি। পালন: মঙ্গল ও শনিবার। প্রতিকার: দুর্গানাম জপ।


বৃষ: শরীর-স্বাস্থ্য বিষয়ে সারা বছরই সচেতন থাকতে হবে। উদর সমস্যা, নার্ভ, হার্ট, বায়ু, প্রেশার, সুগার ও বাতের সমস্যায় শারীরিক ভোগান্তির প্রবল যোগ। চিকিৎসা বিভ্রাট, রক্তপাতও অসম্ভব নয়। তবে অন্য বহু ক্ষেত্রে বর্তমান বছরে প্রভূত অগ্রগতির যোগ প্রবল। একাধিক সূত্র থেকে বিপুল অর্থকড়ি উপার্জন হতে পারে। মাঝেমধ্যেই অপ্রত্যাশিত ধনাগমও অসম্ভব নয়। কর্মস্থলে সাফল্য, উন্নতি ও সম্মানপ্রাপ্তির যোগ। উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জনে সফল হবেন। জীবনবিমা, ব্যাঙ্ক, সামরিক কর্মী, আইটি/বেসরকারি বা সরকারি অন্য ক্ষেত্রের কর্মী, আইন, চিকিৎসাসহ অন্যান্য পেশাদারি ক্ষেত্রে দ্রুত উন্নতি ও অগ্রগতি। জমি, বাড়ি, ফ্ল্যাট ব্যবসায়ী, রাসায়নিক দ্রব্যসহ ওষুধ কারবারি প্রমুখের আয় উন্নতি বাড়বে। ঘরে বাইরে প্রবল প্রতিকূলতার মধ্যেও রাজনীতিকরা উল্লেখযোগ্য সাফল্য পাবেন। বিদ্যাশিক্ষার ব্যবসায় লাভ বাড়বে। হস্তশিল্পী, অভিনয় শিল্পী, সাহিত্যিকদের কাজের প্রসার ও খ্যাতিলাভ। বিদ্যার্থীদের পক্ষে বিদ্যায় অগ্রগতি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ। সামাজিক কল্যাণকর্মে স্বীকৃতি। স্বামী-স্ত্রীর সম্পর্কে উত্তেজনা আসতে পারে। সন্তান স্থান শুভ। বিবাহের যোগ থাকলেও বাধা আসবে। সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কে ওঠানামা থাকবে। ভূ-সম্পদ ক্রয়বিক্রয়ে লাভবান হবেন। গৃহাদি সংস্কার বা ক্রয় বা পরিবর্তনের যোগ আছে। দেবারাধনায় অশুভের নাশ ও দৈব কৃপালাভের অনুকূল যোগ। দূর ভ্রমণে বিপদগ্রস্ত হতে পারেন। কর্মসূত্রে বিদেশযাত্রার ক্ষেত্রে বিশেষ সাবধান হন। ফাটকা বা লটারিতে কিছু প্রাপ্তি হতে পারে। অধ্যাপনা, ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি ব্যবসার ক্ষেত্রগুলিতে উন্নতি। গৃহ পরিবেশে অশান্তির আশঙ্কা। বিপরীত লিঙ্গ। দ্বারা বা বন্ধুদের কারসাজিতে প্রতারিত হতে পারেন।

শুভ রং: উজ্জ্বল সাদা আকাশি ও হালকা হলুদ। শুভ স্তোত্র: দক্ষিণাকালী বা দুর্গা স্তোত্র। শুভ বার: সোম, বুধ, শুক্র, শনি। পালন: শনিবার। প্রতিকার: দুর্গানাম জপ।


মিথুন: বিগত কয়েক বছরের তুলনায় বর্তমান বছরটি শুভ। সবদিকের চাপ ক্রমশ কাটবে। যদিও শরীর স্বাস্থ্যগত ক্ষেত্রে সারাটা বছর কমবেশি সতর্ক থাকতে হবে। পেট-লিভার, স্টমাকের সমস্যা, পিত্ত, পাথুরী, অস্থিগ্রন্থি- বিশেষ করে ঘাড় কোমর, হাঁটু-পায়ের সমস্যা, বাত ও সুগার, প্রেশারের অসমতায় মাঝেমধ্যে ভোগান্তি হতে পারে। বিশেষ করে মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়। পতন ও রক্তপাতও হতে পারে। সিদ্ধান্তে অটল থাকলে ভাগ্যোন্নতি হবে দ্রুত। অর্থকড়ি উপার্জন বেশ ভালো হবে। অপ্রত্যাশিত মোটা অঙ্কে উপার্জনও অসম্ভব নয়। সৃজনশীল কর্মে ভাগ্যোন্নতির কয়েকটি বিশেষ সুযোগ পেতে পারেন। তবে মানসিক স্থির সিদ্ধান্তের অভাবে তা হাতছাড়াও হতে পারে। সরকারি-বেসরকারি চাকরিজীবী, সাহিত্যিক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সামগ্রীর ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, হিসাবরক্ষক প্রমুখের এপ্রিল মাস থেকে ক্রমশ শুভ ফল প্রাপ্তির প্রবল যোগ। গায়ক- গায়িকাসহ অন্যান্য সৃজনশীল শিল্পীদের পক্ষে বছরটি অনুকূল। ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হতে পারে। কর্ম, সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে কোনও বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় সাফল্য বা সম্মানপ্রাপ্তিও অসম্ভব নয়। উপযুক্ত ক্ষেত্রে বিদেশে বা দূররাজ্যে যেতে হতে পারে। গাড়ি বা খনিজদ্রব্যের ব্যবসায় উন্নতি। পতি-পত্নী সম্পর্কে ওঠানামা থাকবে। সন্তানের সতত পরিবর্তনশীল সিদ্ধান্ত ও রূঢ় বাক্যে গৃহ পরিবেশ উত্তেজিত হতে পারে। সহকর্মীদের কারসাজিতে রাজনীতিকরা দল মধ্যে বদনাম ও প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন। সাহিত্যিকদের কর্মের গতি ও উপার্জন বাড়বে। বাক ও ব্যবহারে সংযমের অভাবে বিড়ম্বনা হতে পারে। কোনও ক্ষেত্রে 'অতি লোভে তাঁতি নষ্ট' হতে পারে। এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে জমি, গৃহ, ফ্ল্যাট কেনার সুবর্ণ যোগ। লটারি বা ফাটকায় সামান্য লাভ হতে পারে। ধর্মাচরণ ও সৎসঙ্গে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। কুসঙ্গে অর্থকড়ি নষ্ট হতে পারে। ভ্রাতৃ সম্পর্কহানি ও আইনি সমস্যার যোগ। এপ্রিলের পর বিবাহ যোগ আছে। ঘরে বাইরে শত্রু বাড়বে।

শুভ রং: সাদা, হালকা উজ্জ্বল আকাশি ও সবুজ। শুভ স্তোত্র: নৃসিংহ স্তব। শুভ বার: রবি, সোম, বুধ ও শুক্র। পালন: শনিবার। প্রতিকার: শিবনাম জপ।


কর্কট: বছরটি অপেক্ষাকৃত ভালো কাটবে। বিশেষ কোনও বড় রোগে ভোগান্তি না হলেও বছরভর ছোটখাট শারীরিক সমস্যা লেগে থাকবে। অজীর্ণ, জন্ডিস, সর্দি-কাশি, হাঁপানি প্রভৃতি এবং পুরনো রোগ মাথাচাড়া দেওয়ায় ভোগান্তি হতে পারে। সারা বছরই দুর্ঘটনা-রক্তপাত, আঘাত যোগ থাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। অর্থকড়ি উপার্জন কমবেশি ভালো হবে। কর্মের প্রসার ও উন্নতি। কর্মসূত্রে একাধিকবার দেশ- বিদেশে যেতে হতে পারে এবং সে ক্ষেত্রেও আপনি সফল হবেন। চা, কফি, দুধ, মাছ, ওষুধ প্রভৃতির ব্যবসায় বিশেষ শুভ। শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক, বিজ্ঞানীদের কর্ম সাফল্য, আয়, উন্নতি ও সুনাম বৃদ্ধির যোগ। দাম্পত্য সম্পর্কের ক্রমোন্নতি হবে। সন্তানের স্বাস্থ্য মাঝেমধ্যে চিন্তা বাড়াবে। এপ্রিল মাস থেকে অর্থকর্ম, গৃহসহ সবক্ষেত্রেই কিছু শুভ পরিবর্তন আশা করা যায়। সন্তানের সঙ্গে মতপার্থক্য ও তার আচরণে মনঃকষ্ট পেতে পারেন। শরিকি সম্পত্তি ভাগাভাগিতে মনোমালিন্য ও কলহ এড়িয়ে চলতে চেষ্টা করুন। বিদ্যাচর্চায় অমনোযোগ ও বাধা থাকলেও পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালোই হবে। ফাটকা, লটারি প্রভৃতি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। সাহিত্যিকদের খ্যাতিলাভ। জমি-বাড়ির ব্যবসায় বাধা আসাতে পারে। যে কোনও অর্থ বিনিয়োগে সাবধান হন। নতুন কর্মলাভের যোগ আছে। কোনও নিকট আত্মীয় বা বন্ধুর বিশ্বাসঘাতকতায় আর্থিক ও বৈষয়িক ক্ষতির আশঙ্কা। প্রেম-প্রণয় নরমে-গরমে চলবে। ধর্মীয় কাজে সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ বৃদ্ধি। সম্পত্তি ও যানবাহন প্রাপ্তি বা ক্রয়যোগ আছে। গবেষণামূলক কর্মে স্বীকৃতি লাভ। মানসিক অস্থিরতা, উত্তেজনা ও বাক্যে লাগাম দেওয়ার চেষ্টা করুন।

শুভ রং: ফিকে উজ্জ্বল আকাশি, হালকা লাল ও সাদা। শুভ স্তোত্র: বটুক ভৈরব বা চন্দ্রদেবের স্তব। শুভ বার: সোম, বুধ ও শুক্র। পালন: শনিবার। প্রতিকার: শিবনাম জব।


সিংহঃ বছরটি শুভাশুভ মিশ্রভাবে কাটবে। স্বাস্থ্য বিষয়ে সারা বছরই সদা সতর্ক থাকতে হবে; বিশেষ করে এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত। পেটের সমস্যা, লিভার, স্টমাক, পিত্ত সংক্রান্ত রোগ, ঘাড়, কোমর ও পায়ের সমস্যা, সুগার, প্রেশার বৃদ্ধির আশঙ্কা। সারা বছরই ঘরে-বাইরে চলাফেরায় বিশেষ সতর্ক হন। ছোটখাট আঘাতপ্রাপ্তিও অসম্ভব নয়। বেশ কয়েকটি ক্ষেত্রে ঈর্ষণীয় উন্নতি হবে। তবে নিজের হঠকারী সিদ্ধান্ত প্রবণতা ও অহংকারী মনোভাবে লাগাম দিতে হবে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সেই সিদ্ধান্তে অটল থাকুন, সফল হবেন। কর্মক্ষেত্রে বিশেষ শুভ। তবে বছরের মধ্যে দু-একবার কর্ম সমস্যা দেখা দিতে পারে। বিচলিত না হয়ে এর মোকাবিলা করুন, সফল হবেন। শত্রুর দুর্বলতা আপনি জেনে যাবেন, ফলে শত্রু বিজয় হবে। অর্থ উপার্জন খুব ভালো হবে। সরকারি চাকরিজীবী, বেসরকারি উচ্চ পদাধিকারী, সাহিত্যিক, শিল্পী, হোটেল, ক্রীড়া সামগ্রীর ব্যবসায়ীর বছরটি বিশেষ শুভ ফল প্রদান করবে। কর্মে জটিল পরিস্থিতি সম্পাদনে সফল হবেন এবং ওপরওয়ালার আস্থা লাভ হবে। দাম্পত্যে কমবেশি শুভ, ছোটখাট বাধা সমস্যা এলেও তা কেটে যাবে। স্ত্রী ও সন্তানের স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা ক্রমশ হালকা হবে। 

ধর্মকর্মে মনোযোগের অভাব, তবে করতে পারলে দৈব কৃপালাভ অসম্ভব নয়। কথাবার্তায় সংযত হন ও বুদ্ধি করে চলুন। সৃজনশীলতা বিকাশে পরিবেশজনিত বাধা এলেও তা কেটে যাবে। বিশেষ কোনও বন্ধু দ্বারা উপকার পেতে পারেন। কিছু ক্ষেত্রে নিজের অসহিষ্ণুতা ও ব্যবহারে বিশেষ সংযত হন। যে কোনও সৃজনশীল প্রতিভা সেটা শিল্পই হোক বা সাহিত্য ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। এপ্রিল মাস থেকে জমি, গৃহাদি-সম্পত্তি ও যানবাহনাদি কেনার ক্ষেত্রে সময়টা শুভ। বিদেশযাত্রা, দূর গমনের ক্ষেত্রে সতর্ক হন। খেলাধুলায় শুভ ফল লাভ হবে। ব্যবসা ও যে কোনও শিক্ষা বিষয়ক কর্ম, পুলিস, প্রতিরক্ষা, গোয়েন্দা কর্মীদের ক্ষেত্রে সুনাম ও কর্মোন্নতির যোগ। বছরের প্রথম দিকে আমদানি রপ্তানির বৈদেশিক ব্যবসায় কিছুটা বাধা আসতে পারে। অর্থভাগ্য শুভ। প্রেম-প্রণয়ে ঝামেলা ও মনঃকষ্টের যোগ।

শুভ রং: সাদা, হালকা সোনালি বা হলুদ, উজ্জ্বল ফিকে লাল বা গেরুয়া। শুভ স্তব: দক্ষিণাকালীর স্তব বা দুর্গা স্তব ও শ্রীহনুমান চালিশা পাঠ। শুভ বার: রবি, সোম, বুধ, শুক্র। পালন: শনিবার বিশেষ করে, ইচ্ছে হলে এর সঙ্গে রবিবারও পালন করতে পারেন। প্রতিকার: দুর্গানাম জপ।



কন্যা: বছরটি বেশ কিছু ক্ষেত্রে শুভ। সার্বিক বাধা কিছুটা থাকলেও কাজকর্মে সাফল্য অনেক বেশি হবে বলে আশা করা যায়। তবে কর্মের ক্ষেত্রে গুপ্ত শত্রু বাড়বে। কারও কান ভাঙানিতে উপরওয়ালার সঙ্গে বিবাদে যুক্ত হলে বিপদে পড়বেন। আপনার কর্মদক্ষতা, পেশাদারি মানসিকতা ও পরিশ্রম ক্ষমতার গুণে কর্মে সাফল্য ও প্রশংসা অর্জন করবেন। যে কোনও শিল্পের মালিক, কাঠ ও ওষুধ ব্যবসায়ী, ডাক্তার, আইনবিদ, হিসাববিদ, সাহিত্যিক, শিক্ষক বা অধ্যাপক, কম্পিউটার বিষয়ক যে কোনও কর্মে যারা যুক্ত, যে কোনও শাখার শিল্পী-খেলোয়াড় প্রমুখের কর্ম সাফল্য, সুনাম ও উপার্জন বৃদ্ধির বিশেষ যোগ দেখা যায়। শিল্প মালিকদের ক্ষেত্রে যন্ত্রাংশের সমস্যায় উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে। সৃজনশীল কর্মে সাহিত্যিকরা বিশেষ সম্মান ও পুরস্কার পেতে পারেন। এছাড়াও জীবিকার অন্যান্য ক্ষেত্রগুলি শুভকর। আদালত ও কারাকর্মী, বিজ্ঞানী, প্রিন্টিং বা এডিটিং বা ম্যানেজমেন্ট কর্মী প্রমুখের কর্মে শুভ ফল লাভের যোগ। সন্তানের বিদ্যাচর্চায় মনোযোগ বৃদ্ধি পাবে। জুন মাস থেকে পরবর্তী সময় বিদ্যা, কর্ম সহ অন্যান্য ক্ষেত্রগুলিতে বাধা কমবে ও সাফল্যের হার বাড়বে। দাম্পত্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও সমস্যা না থাকলেও মাঝেমধ্যে সেখানে উত্তেজনা আসতে পারে। মানসিক অস্থিরতা এবং অপ্রিয় বাক্যের জন্য বিড়ম্বনার শিকার হতে পারেন। বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। হিসাবশাস্ত্র, অর্থশাস্ত্র ও গণিতশাস্ত্রের অধ্যয়ন ও অধ্যাপনায় বিশেষ শুভ। শরীর-স্বাস্থ্য কমবেশি ভালো থাকবে। নার্ভ, স্পন্ডেলাইটিস, অজানা ব্যাধি, বাত ও মরশুমি রোগে মাঝেমধ্যে কষ্ট পেতে পারেন। গুণীজনের সঙ্গ ও ধর্মাচরণে মানসিক তৃপ্তির যোগ। রাজনীতিকদের পক্ষে সময়টা ক্রমশ শুভ হবে। মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও তার থেকে বিপত্তির যোগও আছে। চলাফেরায় ও কথাবার্তায় বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রেম-প্রণয় যোগ আছে।

শুভ রং: সাদা, উজ্জ্বল হালকা হলুদ আর সবুজ। শুভ স্তব: দক্ষিণাকালী ও দুর্গাস্তব, শ্রীহনুমান চালিশা পাঠ। শুভ বার: রবি, বুধ ও শুক্র। পালন: শনিবার পালন। প্রতিকার: দুর্গানাম জপ।


তুলা: অর্থকর্ম ক্ষেত্রে বছরটিতে বেশ কয়েকবার শুভ পরিবর্তনের যোগ। তবে শরীর-স্বাস্থ্য ও গৃহাদি ক্ষেত্রটি বিশেষ অনুকূল নয়। কান, গলা, চোখ, দাঁত, আর্থ্রাইটিস, অর্শ, পেট ও ফুসফুসের সমস্যায় ভোগান্তি হতে পারে। দুর্ঘটনা ও দেহে বড় আঘাত, রক্তপাতও অসম্ভব নয়। পায়ের সমস্যা ভোগান্তি বাড়াবে। শৌখিন দ্রব্যের ব্যবসা, ওষুধ, লোহার ব্যবসা, নির্মাণ ব্যবসা বিশেষ শুভ। স্বদেশে বা বিদেশে দ্রব্য আমদানি বা রপ্তানির ব্যবসায় উন্নতি হবে। পেশাদারি শিক্ষা প্রদানের ব্যবসায় বিশেষ শুভ ফল লাভের যোগ। কর্মসূত্রে একাধিকবার স্থানান্তর গমন হবে। বিদেশযাত্রাও অসম্ভব নয়। বিনোদন বা ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া কর্মকর্তা বা সংগঠকদের ক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ। ইঞ্জিনিয়ার, কম্পিউটারের কর্মী, পৌর পঞ্চায়েত, গ্রামীণ ব্যাঙ্কের কর্মী, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, ফ্যাশন, আর্ট ডিজাইনার, ফোটোগ্রাফার, রসায়নবিদ প্রমুখের কর্ম প্রসার ও সুনাম যোগ প্রবল। এদের বিশেষ স্বীকৃতির পুরস্কার লাভও অসম্ভব নয়। বিদ্যায় বাধার মধ্যে অগ্রগতি হবে। মার্চের পর থেকে উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সাফল্যের সূত্রে রাজ্য বা দেশীয় স্তরে বিশেষ সম্মানপ্রাপ্তিও হতে পারে। আর সেই সূত্রেই কর্মলাভও অসম্ভব নয়। রাজনীতিকদের পক্ষে বছরটি শুভ। জমি-বাড়ির ব্যবসায়ী, ডেভলপার, জমি-বাড়ির মধ্যস্থ ব্যবসায়ীদের কর্মের উন্নতি, প্রসার ও আয় বৃদ্ধি যোগ। রাগবৃদ্ধি, অপ্রিয় বাক্য ব্যবহার ও ব্যবহারে রুক্ষতায় ঘরে বাইরে সম্মানহানির আশঙ্কা। বিবাহের যোগাযোগ, বিবাহ বা সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। মানসিক উত্তেজনা, অস্থিরতা ও মনে হতাশ ভাব আসা-যাওয়া করবে। বন্ধুর শত্রুতায় ক্ষতির আশঙ্কা। দাম্পত্য ক্ষেত্রটি মাঝেমধ্যেই সমস্যা সৃষ্টি করতে পারে। প্রয়োজনে স্বার্থ ত্যাগ করেও পারিবারিক শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। সন্তানের বিবাহিত জীবন নিয়ে চিন্তা বাড়বে। ধর্মকর্মে মন বসতে চাইবে না। ফাটকা বা লটারিতে কিছু অর্থ আয় হতে পারে। ঘরে বাইরে শত্রু বাড়বে। শরিকি সম্পত্তির ক্ষেত্রে জটিলতা বাড়বে, আলাপ আলোচনায় তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

শুভ রং: উজ্জ্বল সাদা ও ফিকে হলুদ, সবুজ। শুভ স্তব: শিব মহিম্ন স্তব ও শ্রীহনুমান চালিশা পাঠ। শুভ বার: রবি, বুধ ও শুক্র। পালন: শুক্র ও শনিবার পালন প্রতিকার: শিবনাম জপ।


বৃশ্চিক: কয়েকটি ক্ষেত্র ছাড়া বছরটা ভালো যাবে। অর্থকর্ম,বিদ্যা প্রভৃতি ক্ষেত্র শুভ ফল প্রদান করবে। তবে কোনও ক্ষেত্রেই বাধাহীন অগ্রগতি হবে না। স্বাস্থ্য ক্ষেত্রটি বিশেষ চন্দ্রময়। সারা বছরই কমবেশি ভোগান্তি হতে পারে। পেটের রোগ, বায়ু- পিত্ত-রক্তের রোগ, জীবাণু ঘটিত জ্বর-সর্দি-কাশি প্রভৃতির আশঙ্কার সঙ্গে সঙ্গে আঘাত, দুর্ঘটনা তথ্য রক্তপাত যোগ প্রবল থাকায় বিশেষ সতর্ক থাকুন। ত্বক বা নিম্নাঙ্গের কোনও সমস্যা হলে প্রথমেই সতর্ক হন। অর্থ ভাগ্য বিশেষ শুভ। উপার্জন ভালো হবে। তবে ঋণ যোগ থাকায় যে কোনও ঋণের ক্ষেত্রে, বিশেষ সতর্ক না হলে বড় বিপদে পড়তে পারেন। পুলিস, সামরিক বিভাগ, যে কোনও প্রতিষ্ঠানের সুরক্ষা কর্মী, ওষুধ, ধাতু, রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক প্রমুখের নিজের নিজের ক্ষেত্রে কর্মোন্নতি, আর্থিক উন্নতি ও সুনামের যোগ। প্রাসঙ্গিক ক্ষেত্রের ব্যবসায়ীদের কর্মী অসন্তোষ বা যন্ত্রাদি বিকলের আশঙ্কা আছে। কর্ম নিয়ে স্থানান্তর গমন হতে পারে। অযথা ঝুঁকি নিয়ে কোনও কাজ করলে বিপদে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ মোটা অঙ্কে অর্থ বিনিয়োগ করেও বিপদগ্রস্ত হতে পারেন। উচ্চশিক্ষায় বাধা কম থাকলেও দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষায় বাধা থাকবে। ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসাশাস্ত্রের পড়ুয়াদের পক্ষে সময়টি শুভ। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে ও শান্তি ভঙ্গের আশঙ্কা প্রবল। স্বার্থ ত্যাগ করেও সংসারে শান্তি রক্ষা না হতে পারে। স্বামী ও স্ত্রীর স্বাস্থ্য বিশেষ শুভ নয়। নার্ভ ও হৃদরোগে ভোগান্তি হতে পারে। পরিচিতজন বা বন্ধুদের দ্বারা প্রতারণা ও অর্থ সম্পদ হানির যোগ। জমি গৃহাদি ক্রয় নির্মাণ বা সংস্কার হতে পারে। গুরুজনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। ভাইবোনের সম্পর্ক কমবেশি শুভ। হঠাৎ বিবাহের যোগাযোগ বা বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারেন। সন্তান প্রাপ্তির আগমনবার্তাও পেতে পারেন। আন্তরিকতা ও শ্রদ্ধা সহকারে দেবারাধনায় অশুভ প্রাপ্তি কমবে। গৃহে আনন্দ অনুষ্ঠান ও ধর্মানুষ্ঠানের সম্ভাবনা। কোনও আত্মীয় বা কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি ও গোলযোগ সৃষ্টি হতে পারে। প্রেম-প্রণয়ে কিছুটা শুভ। রাজনীতিকদের বাধা কাটবে ও বিশেষ গুরুত্বপূর্ণ কোনও ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। সন্তানের সঙ্গে মতপার্থক্য ও অশান্তির যোগ আছে। কোনও সৎ ও গুণীজনের দ্বারা উপকৃত হতে পারেন। বুদ্ধিবিভ্রম ও সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে।

শুভ রং: সাদা, উজ্জ্বল হালকা হলুদ, সবুজ ও গোলাপি। শুভ স্তব: শিবের যে কোনও স্তব ও শ্রীহনুমান চল্লিশা পাঠ। শুভ বার: রবি, সোম, বুধ, শুক্র। পালন: মঙ্গল ও শনিবার। প্রতিকার: শিব বা দুর্গা নাম জপ।


ধনু: ছোটখাট ভোগান্তি সারাটা বছরই লেগে থাকবে। সতর্ক না হলে এগুলি থেকেই কষ্টভোগ বাড়তে পারে। কোমর, হাঁটু, শিরদাঁড়ার ব্যথা বাড়বে। পেট, হার্ট, রক্তের ব্যাধি, পায়ের সমস্যা, হাঁপানি ও সুগার বৃদ্ধির যোগ আছে। রক্তপাত যোগ থাকায় ঘরে বাইরে সতর্কতা দরকার। চিকিৎসা বিভ্রাটের যোগও আছে। কাজকর্মের দিকটি সারা বছরই মোটামুটি ভালো থাকবে। শত্রুরা ও বিরোধী পক্ষ পরাভূত হবে। তবে ক্ষেত্রে কর্মে বাধার সম্মুখীন হতে পারেন বা বিশেষ কোভারী ও হতে পারেন। অর্থ ও ভূ-সম্পত্তিগত মামলার ক্ষেত্রে আইনি অগ্রগতি বা জয়লাভ করতে পারেন। বিজ্ঞানী, গবেষক, অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবী, ওষুধ ব্যবসায়ী, ভেষজ দ্রব্যের ব্যবসায়ী, শস্য ব্যবসায়ী, সরকারি, আধা সরকারি কর্মী, অসংগঠিত ক্ষেত্রের কর্মী, আইটি ও

ম্যানেজমেন্ট কর্মীসহ কম্পিউটার কর্মী, সরকারি আমলা, হিসাব রক্ষক, আয়কর, বিক্রয়কর, গোয়েন্দা, ইডি কর্মী, ডাক্তার, শিল্পপতি প্রমুখের পক্ষে বছরটা শুভ। তবে বাধার যোগ থাকায় সতর্কভাবে এগন। বিজ্ঞাপন ও মাস কমিউনিকেশনের ব্যবসায় উন্নতির যোগ। রাজনীতিবিদদের বিশেষ সাফল্য, জনসমর্থন বৃদ্ধি ও সুনামের প্রবল যোগ। কর্মসূত্রে সফল দূরগমনের যোগ। বিদেশে কর্মলাভ ও ভাগ্য উন্নতিও অসম্ভব নয়। বিদ্যাশিক্ষায় বাধা থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞান, কলা ও অর্থশাস্ত্র অধ্যয়নে বিশেষ শুভফল প্রাপ্তির সম্ভাবনা। ভাই বোনের সম্পর্ক একপ্রকার থাকবে। বন্ধুবেশী শত্রু থেকে সতর্ক হন। নিজের আচার-আচরণ, বাক্য সংযত করতে না পারলে অপযশ ও দেহে আঘাত প্রাপ্তির যোগ। শত্রুকে তুচ্ছ জ্ঞান করে বিপদগ্রস্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্কে চাপ ওঠানামা করবে, প্রয়োজনে স্বার্থ ত্যাগে শান্তির চেষ্টা করুন। বিবাহ ও সন্তান লাভের প্রবল যোগ আছে। ভ্রমণ যোগ থাকলেও সতর্ক হন। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা ও মানসিক অস্থিরতার জন্য হতাশগ্রস্ত হতে পারেন। দেব আরাধনায় শুভ ফল পাবেন ও মানসিক শাস্তি লাভ হবে। ধর্মপ্রথাবলম্বীদের আধ্যাত্মিক উন্নতি হবে। প্রতিষ্ঠানগত কর্মে বৈষয়িক উন্নতি আয় বৃদ্ধির সঙ্গে নিজ অবদান রাখতে পারবেন এবং সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে। অর্থভাগ্য শুভ। সঞ্চয় হবে।

শুভ রং: সাদা, লাল, উজ্জ্বল হালকা হলুদ। শুভ স্তব: দুর্গা বা শিবের স্তব। শুভ বার: রবি, সোম, বৃহস্পতি, শুক্র। পালন: শনিবার ও বৃহস্পতিবার পালন। প্রতিকার: দুর্গানাম জপ বিশেষ শুভ।


মকর: ২৯/০৩/২০২৫ থেকে মকর রাশি সাড়েসাতির প্রভাব থেকে মুক্ত হবে। তবুও পরবর্তী সময় থেকে বছরটি শেষ পর্যন্ত বিশেষ হানিকর না হলেও সার্বিক বাধাপ্রবণ থাকবে। স্বাস্থ্য, অর্থ-কর্ম সর্বক্ষেত্রেই বাধা ও উন্নতি যোগ দেখা যায়। স্বাস্থ্য ক্ষেত্রটি বিশেষ শুভ নয়। জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শরীর কমবেশি ভোগাতে পারে। কোমর-হাঁটু-পা-ঘাড়- পিঠের যন্ত্রণা, বাত ও নার্ভের রোগ, ত্বকের সমস্যা, সর্দি- কাশি-জ্বর, উদর ও হার্টের সমস্যাও হতে পারে। চলাফেরায় সতর্ক হতে হবে, আঘাত ও রক্তপাত যোগ প্রবল। ব্যবসার বৃদ্ধি ও নতুন ব্যবসার যোগ আছে। তবে চলতি ব্যবসার ক্ষেত্রে সঠিক দেখাশোনার অভাবে চাপ ও অর্থ ক্ষতিও অসম্ভব নয়। জুন- জুলাই মাস পর্যন্ত ব্যবসা খুব একটা ভালো যাবে না। হঠকারী সিদ্ধান্ত পরিত্যাগ করে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করুন। সারা বছরই কাজকর্ম নিয়ে মানসিক উত্তেজনা ও চাঞ্চল্য থাকবে। ম্লেচ্ছ সংসর্গে অর্থকড়ি আয় হলেও তা ধরে রাখা কঠিন হতে পারে। জমি-নির্মাণসামগ্রী, চামড়া, খেলার সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে; নাট্যকার, সাহিত্যিক, আইনজীবী, শিক্ষা কাজে নিযুক্তদের সাফল্য ও অর্থকড়ি উপার্জন অন্যদের থেকে কিছুটা বেশি হবে। যদিও রাশির সার্বিক অর্থ ভাগ্য মোটের ওপর শুভ। যন্ত্রপাতি, ছাপাখানার ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে বাধা থাকবে। শিল্প মালিকদের পারে জামা বা যন্ত্র বৈকল্যের জন্য উৎপাদনে বাধা আনজের রাজনীতি বা জনসংযোগমূলক কর্মে বিশেষ শুভ। বিদ্যার্থীদের বিদ্যাচর্চা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল প্রাপ্তি। উচ্চতর শিক্ষায় বিশেষ কোনও ভালো সুযোগ প্রাপ্তিও অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে স্বার্থ সংঘাত ও ভুল বোঝাবুঝি অশান্তির যোগ আছে। দাম্পত্য ক্ষেত্র সাদামাটা। সন্তানের জন্য প্রভূত অর্থ ব্যয় করেও প্রকৃত ভালোবাসা নাও পেতে পারেন। গৌরবর্ণের স্বার্থান্বেষী বিপরীত লিঙ্গের কার্যকলাপে অর্থহানি, অপযশ ও বিপদগ্রস্ত হতে পারেন। স্বক্ষেত্রগত অসবর্ণীয় শত্রুর দ্বারা ক্ষতির যোগ। একাধিকবার বহির্গমন হতে পারে- কর্মসূত্রেই হোক বা ভ্রমণের উদ্দেশ্যে, তবে বিশেষ সতর্ক না হলে বিপদগ্রস্ত হতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ আছে। প্রেম প্রণয়ে 'মধুরেণ সমাপয়েৎ' হতে পারে। অর্থ ভাগ্য কমবেশি শুভ। শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে জুন মাসের পর শুভ ফল লাভের সম্ভাবনা। কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাঁরা ১৫ ডিগ্রির পর জন্মগ্রহণ করেছেন তাঁদের পক্ষে অক্টোবর মাস থেকে সময়টি বিশেষ শুভ। ধর্মেমতি, তীর্থদর্শন ও আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি। প্রচণ্ড মানসিক চঞ্চলতা অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় কর্ম সমস্যায় পড়তে হতে পারে।

শুভ রং: সাদা, উজ্জ্বল-হালকা আকাশি। শুভ ম্ভব: দক্ষিণাকালী/দুর্গা ও শ্রীহনুমান চালিশা পাঠ। শুভ বার: রবি, সোম, বুধ, শনি। পালন: শনিবার। প্রতিকার: কালীনাম জপ।


কুম্ভ: বর্তমান বছরটি জাতক-জাতিকার পক্ষে মোটামুটি শুভ। যাঁরা কর্ম প্রচেষ্টা করছেন তাঁদের প্রয়াস সার্থক হবে। শিক্ষক, অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক প্রমুখের সম্মান ও উপার্জন বৃদ্ধির যোগ। খাদ্য, বিভিন্ন দ্রব্য, হোটেল, গাড়ি, লৌহজাত দ্রব্য, মোবাইল ফোন, কম্পিউটার সংক্রান্ত দ্রব্যের ব্যবসায় বিশেষ ভালো হবে। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় মন্দা আসতে পারে বা অগ্নিদাহের আশঙ্কাও আছে। কর্মের বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ বাধাবিঘ্ন আসলেও সাফল্য পাবেন। প্রতিরক্ষা, গোয়েন্দা কর্মী, চিকিৎসক, রাজনীতিকদের, ওষুধ নির্মাতা, রাসায়নিক, চর্ম শিল্প, খাদ্য প্রস্তুতকারী সংস্থা প্রভৃতির পক্ষে সময়টা অপেক্ষাকৃত শুভ। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত হন। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ। ব্যবসায়ীদের ধনাগম ভাগ্য শুভ। তবে ঋণের যোগ থাকায় আর্থিক সিদ্ধান্ত গ্রহণে বা ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অতি আধুনিক মনস্কতার জন্য কর্ম বা কাজ কারবারের ক্ষেত্রে আশানুরূপ সাফল্যের অভাব হতে পারে। সন্তানের ক্ষেত্র শুভ।

গৃহে নতুন সদস্যের আগমন বার্তা পেতে পারেন। নতুন ভূসম্পত্তি ক্রয় বা নির্মাণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক বা যে কোনও অর্থ লগ্নির ক্ষেত্রে আবেগের বশে কাজ করলে ক্ষতি হতে পারে। বিদ্যার্থীদের পক্ষে সময়টা ক্রমশ শুভ হবে, উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। চলতি বছরটিতে শরীর-স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। মুখমণ্ডলের সমস্যা, পুরনো রোগের বৃদ্ধি, নার্ভ, উদর ও নিম্নাঙ্গের পীড়ায় কষ্ট ভোগের যোগ। শারীরিক ক্ষত বা জরায়ু সম্পর্কিত কোনও রোগের ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক না হলে বিপদে পড়তে পারেন। শরীরে আঘাত ও দুর্ঘটনা যোগ থাকায় বিশেষ সতর্ক হন। উপার্জন ও সঞ্চয়ের অনুকুল যোগ। আত্মীয় সম্পর্কের অবনতি হতে পারে। ভাই-বোনের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য অর্থক্ষতি ও ভোগান্তির যোগ। বিবাহিত জীবন কমবেশি শুভ, তবে প্রথম সাত মাস দাম্পত্য জীবনের পারস্পরিক সম্পর্কে ওঠানামা হতে পারে। শত্রু সক্রিয় হবে এবং তাদের শক্তি বৃদ্ধি পাবে। পিতৃমাতৃ সম্পর্ক শুভ হলেও মাঝেমধ্যে মতান্তর হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে শীতলতা যোগ। প্রেম-প্রণয় যোগ আছে। ধর্মকর্মে ও সৎগ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। মানসিক অস্থিরতা ও উত্তেজনার ফলে ঘরে-বাইরে বিড়ম্বনা। বাক্য-ব্যবহারে সতর্ক হন।

শুভ রং: সাদা, উজ্জ্বল আকাশি ও লাল। শুভ স্তব: নবগ্রহ স্তব বা সংকটমোচন হনুমান স্তব ও শ্রীহনুমান চালিশা পাঠ। শুভ বার: রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি। পালন: শনিবার। প্রতিকার: দুর্গানাম জপ।


মীন: আগামী মার্চ থেকে বাধার পরিমাণটা প্রায় সবদিকেই একটু বেশি থাকবে। কর্মজীবনে কিছু ক্ষেত্রে গৌরব ও সাফল্য পেলেও তা বাধা ঠেলেই আসবে। আলস্য, দ্বৈত চিত্ততা ও অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা পরিহার করে কর্ম করুন, সেটা আর্থিক কাজকর্মই হোক বা বিদ্যা শিক্ষা বা সবক্ষেত্রেই। কর্মসূত্রে দূরযাত্রার সম্ভাবনা থাকলেও ভেবেচিন্তে তা করুন। 

ভাই বোনের সম্পর্ক মোটামুটি থাকবে। দাম্পত্য শুভ। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে অনায্য চাপ আসতে পারে। অসবর্ণ প্রণয়ের ক্ষেত্রে বদনামও অসম্ভব নয়। একাধিকবার টাকা পেতেও পারেন। সঞ্চয় যোগ আছে। বস্ত্র, শয্যা দ্রব্য, ওষুধ ব্যবসা, হোমিওপ্যাথি ওষুধের, রত্ন, অলঙ্কার, সোনা-রুপোর, জলজ দ্রব্যের ব্যবসা বিশেষ শুভ। বিচারক, সরকারি কর্মচারী, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, আমলা প্রমুখের উপার্জন সম্মান ও সুনাম বৃদ্ধির যোগ। ব্যাঙ্ক-বিমা-আইটি-কম্পিউটার প্রভৃতি কর্মীদের কর্ম সাফল্য। পারিবারিক ক্ষেত্রটি বিশেষ শুভ নয়। শিক্ষা বিভাগ বা বুদ্ধিজীবীদের পক্ষে বছরটি শুভাশুভ মিশ্রভাবে কাটবে। বেশি লোভ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের জন্য আইনি সমস্যায় পড়তে হতে পারে। যানবাহনাদির চালনায় সতর্ক হন। ঝামেলা-ঝঞ্ঝাট কমবেশি লেগেই থাকবে। সন্তানের স্থানটি বিশেষ শুভ নয়। গুরুজনের সঙ্গে বিরোধ এবং তাঁদের স্বাস্থ্য নিয়ে সঙ্কটজনক পরিস্থিতিও তৈরি হতে পারে।

বিদ্যার্থীদের বিদ্যাচর্চায় অমনোযোগ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলের অভাব। তবে বিজ্ঞান, বাণিজ্য ও কম্পিউটার শিক্ষায় অগ্রগতি হবে। ধর্মকর্মে মন বসতে চাইবে না। উদ্দেশ্যহীন তীর্থ ভ্রমণ হতে পারে। স্বাস্থ্যের দিকটি ভালো- মন্দে মিশিয়ে কাটবে। কফ, নার্ভ, বাত, লিভার, রক্তঘটিত পীড়া ও হৃদরোগের আশঙ্কা আছে। রক্তপাত ও আঘাতযোগও বিদ্যমান। সন্তানের বিদ্যায় মনোযোগের অভাব। মানসিক অস্থিরতা, উত্তেজনা ও বিকেলের দিক থেকে হতাশ ভাব কমাবাড়া করবে। মাঝেমধ্যে একাকিত্বে ভুগতে হতে পারে।


শুভ রং: সাদা, লাল ও হালকা হলুদ। শুভ স্তব: শিবমহিম্ন স্তব বা বিষ্ণু সহস্রনাম স্তব। শুভ বার: রবি, সোম, বৃহস্পতি, শুক্র। পালন: বৃহস্পতি ও শনিবার পালন। প্রতিকার: দুর্গানাম জপ।


 ⭐⭐⭐ নতুন বছরে এই অ্যাপটি বন্ধুদের সাথে  শেয়ার  করুন